রাজধানী
ঢাকায় তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি, শীতের অনুভূতি আরও তীব্র
রাজধানী ঢাকায় শীতের মাত্রা আরও একটু বেড়েছে। আজ বুধবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কম। একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ, ফলে সকাল বেলায় ঠান্ডার দাপট আরও বেশি অনুভূত হয়েছে।
গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ-যা আজকের তুলনায় কম শীত অনুভব করিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- আকাশ থাকবে পরিষ্কার, আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
পাশাপাশি, আকাশে মেঘ না থাকায় রাত ও ভোরের দিকে তাপমাত্রা আরও কম অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই ঠান্ডা বাতাস আর আর্দ্রতার কারণে শীতের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন অনেক বাসিন্দা।