রাজধানী
মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২
রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হওয়ার পর পুলিশের অভিযানে দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় হঠাৎ মিছিলটি শুরু হলে পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া দিয়ে দুজনকে ব্যানারসহ আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- নওশের আলম পরশ (২৭) এবং মনির হোসেন (৫২)। নওশের আলম পরশের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামে, বর্তমানে তিনি মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকেন। মনির হোসেনের বাড়িও রামগঞ্জ উপজেলার কালচমা গ্রামে। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং জাকির হোসেন রোডে বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, জুমার নামাজের পর নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দল আসাদগেটে আকস্মিক মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে ব্যানারসহ দুজনকে আটক করে। আটক মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। অন্যজনের পরিচয় যাচাই করা হচ্ছে।