রাজধানী

শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক, সারাদেশে কর্মসূচি ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক, সারাদেশে কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতা। এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সংগ্রামী সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিপ্লবী সংগ্রাম অব্যাহত রাখার লক্ষ্যে ছাত্র-জনতা রাজপথে থাকবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সব মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া একই দিন বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাদিক কায়েম তার পোস্টে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদির রক্তের আমানত এই সংগ্রাম আমাদেরই এগিয়ে নিতে হবে। তার আত্মত্যাগের মাধ্যমে যে আন্দোলনের সূচনা হয়েছে, তা অব্যাহত রাখাই এখন সময়ের দাবি।