রাজধানী
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক এবং অন্যজন মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- সিএনজি চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)। নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা ও রমেজ তালুকদারের ছেলে। অপরদিকে ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং বাশার জহিরুল ইসলামের সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।