রাজধানী
আজ শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, প্রস্তুত পূর্বাচল
দেশের সর্ববৃহৎ বাণিজ্য আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মেলায় বেশ কিছু নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, যা উদ্যোক্তাদের জন্য প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে। তিনি বলেন, “দর্শনার্থীরা অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশের সুবিধাও থাকছে।”
মেলায় যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল বা স্বল্প ভাড়ায় ‘পাঠাও’ রাইড সার্ভিস যুক্ত করা হচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব। এতে করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের মেলায় আসা-যাওয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
মাসব্যাপী এই বাণিজ্য মেলায় দেশীয় পণ্য প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।