রাজধানী

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে কর্মসূচিতে অংশ নিতে আসতে শুরু করেন তারা।

কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি—ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা ক’ব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ), পল্লবী, মিরপুর-১০ গোল চত্বর হয়ে উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত অগ্রসর হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির নেতারা জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তারা।