রাজধানী

একইদিনে বসুন্ধরায় ভেজাল মদের কারখানা ও ওয়ারীতে আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

একইদিনে বসুন্ধরায় ভেজাল মদের কারখানা ও ওয়ারীতে আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন
ছবি: সংগৃহীত

রাজধানীতে একদিনের ব্যবধানে ভেজাল মদের কারখানা ও গাঁজা সদৃশ মাদক ‘কুশ’ উৎপাদনের ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব কারবারে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিপুল পরিমাণ ভেজাল মদ জব্দ করে। বাথরুম থেকে বেডরুম পর্যন্ত বিশেষ সরঞ্জামাদি দিয়ে প্রস্তুত করা হতো বিদেশি বোতলে ভেজাল মদ। এ সময় ১৩২ লিটার কেমিক্যাল, ৭৯ বোতল মদ ও ১৬৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ জানান, চক্রটি বিদেশি বোতলে ভেজাল মদ ভর্তি করে বাজারজাত করত।

এদিকে, ৩ জানুয়ারি বিদেশগামী একটি পার্সেল থেকে ইয়াবা জব্দের পর গ্রেপ্তার করা হয় পার্সেল প্রেরক এক নারীকে। তার তথ্যের ভিত্তিতে ওয়ারীর একটি বাসায় অভিযান চালিয়ে আধুনিক কুশ ল্যাব ধ্বংস করা হয়। ল্যাবে কুশের বীজ ও উৎপাদনের সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে ল্যাবের মূলহোতা তৌসিফ দেশ ছাড়িয়ে পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব ঘটনায় টঙ্গী পশ্চিম ও ভাটারা থানায় মামলা দায়ের করেছে বলে জানানো হয়েছে।