রাজধানী

রাজধানীতে ডাকাতের হামলায় জামায়াত নেতা আনোয়ার উল্লাহ নিহত (ভিডিও)


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

রাজধানীতে ডাকাতের হামলায় জামায়াত নেতা আনোয়ার উল্লাহ নিহত (ভিডিও)
আনোয়ার উল্লাহ। ছবি: সংগৃহীত

রাজধানীতে নিজ বাসায় ডাকাত দলের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও পশ্চিম রাজাবাজার সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আনোয়ার উল্লাহ নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর রাজাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার উল্লাহ লক্ষনপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেবের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় বসবাস করে আসছিলেন।

পারিবারিক সূত্র জানায়, ডাকাতদের হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পশ্চিম রাজাবাজারে নেওয়া হবে। সেখানে পশ্চিম রাজাবাজার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় জানাজা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষনপুর ইউনিয়নে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলছেন, চুরি করতে এসে চোর তার মুখ কাপড় দিয়ে বেঁধে রাখলে তার মৃত্যু হয়। তার মৃতদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।