রাজধানী

ঢাকার তিন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

ঢাকার তিন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে অবরোধ কর্মসূচি পালন করায় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় এবং বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ শুরু হয়। ফলে এসব এলাকার সঙ্গে সংযুক্ত প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, অবরোধকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানগুলোর মধ্যে রয়েছে—‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সাধারণ যাত্রীরা।

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।