রাজধানী
বাড্ডায় দুই রাউন্ড গুলিবর্ষণ হয়েছে, তবে সেটি এনসিপির কার্যালয়ে নয়: পুলিশ
রাজধানীর বাড্ডায় মঙ্গলবার রাতে দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে খবর ছড়িয়ে পড়ে যে নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি হয়েছে।
পরে বিকেল পাঁচটায় এনসিপি হোয়াটসঅ্যাপে জানায়, “৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। এটি কোনো নির্বাচনী অফিস নয়, এবং ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।” বার্তাটি এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম পাঠান।
পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থলটি একটি আবাসন কোম্পানির কার্যালয়। গত নভেম্বরে এনসিপির পূর্বের কার্যালয় আফতাবনগরে স্থানান্তরিত হয়েছে। তাই এটিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে গুলি করা হয়েছে বলা যায় না। ঘটনায় দুটি ফাঁকা গুলি ব্যবহৃত হয়েছে।”