রাজধানী

১০ দলীয় বৈঠকে জামায়াতসহ শীর্ষ নেতারা, অনুপস্থিত চরমোনাই পীরের দল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

১০ দলীয় বৈঠকে জামায়াতসহ শীর্ষ নেতারা, অনুপস্থিত চরমোনাই পীরের দল
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে গড়ে ওঠা ১১ দলীয় সম্ভাব্য জোটের সমঝোতা প্রক্রিয়া এখন ১০ দলীয় কাঠামোর দিকে যাচ্ছে। নির্বাচনি সমঝোতা ও আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন। তবে এ বৈঠকে যোগ দেয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। জোটের ভবিষ্যৎ দিকনির্দেশনা, নির্বাচনি কৌশল এবং আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর শীর্ষ নেতারাও বৈঠকে অংশ নিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ দলের অন্যান্য নেতারাও উপস্থিত আছেন।

বৈঠক শেষে নির্বাচনি সমঝোতা, আসন বণ্টন এবং জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চরমোনাই পীরের দলের অনুপস্থিতি জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।