রাজধানী

প্রতারণা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান তিতাসের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ পিএম

প্রতারণা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান তিতাসের
ছবি: সংগৃহীত

গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নিজেদেরকে ‘তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি’র কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ ও হুমকি দিচ্ছে।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, গ্রাহকরা যেন কেবলমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংক এবং অনুমোদিত অনলাইন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ— যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করেন। কোনো অবস্থাতেই কারও ব্যক্তিগত বিকাশ বা অন্য কোনো ব্যক্তিগত নম্বরে গ্যাস বিল পরিশোধ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতারক চক্রের ফাঁদে না পড়তে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিতাস আরও জানায়, বিল সংক্রান্ত কোনো সন্দেহ বা প্রয়োজন দেখা দিলে গ্রাহকরা নিকটস্থ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট রাজস্ব অফিসে সরাসরি উপস্থিত হয়ে অথবা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে সঠিক তথ্য ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ মনে করে, গ্রাহকদের সচেতনতা বাড়লে এ ধরনের প্রতারণা কার্যক্রম সহজেই প্রতিহত করা সম্ভব হবে।