রাজধানী

উত্তরায় সাততলা ভবনে ভয়াবহ আগুন, তিনজন নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

উত্তরায় সাততলা ভবনে ভয়াবহ আগুন, তিনজন নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্লকের ১৮ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে ওই ফ্ল্যাটের ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ ঘটনায় ভবনের বিভিন্ন তলা থেকে মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ও অসুস্থদের প্রাথমিক চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।