রাজধানী

উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৬


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ফায়ার সার্ভিস তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেল জানায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া ১৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।