রাজধানী
নির্বাচন কমিশনে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা
নির্বাচন কমিশনে (ইসি) শুনানিকালে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কমিশন ভবনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। শুনানি শেষে কমিশন আধাঘণ্টার জন্য বিরতি ঘোষণা করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে প্রথমে বাদানুবাদ শুরু হয়।
এ সময় ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করলে অডিটোরিয়ামে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানান। এর জের ধরেই দুজনের মধ্যে সরাসরি বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে একপর্যায়ে তাবিথ আউয়াল তার বাবা আব্দুল আউয়াল মিন্টুকে সেখান থেকে সরিয়ে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ‘ব্লাডি সিটিজেন’ বলে অপমান করেছেন। এমনকি বলপ্রয়োগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করে তিনি ইসির কাছে রুলিং চান।
শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা রাজনৈতিক এলিটিসিজম দেখাতে চান, তারা যেন তা বাসায় রেখে বের হন। ভোট চাইতে এসে সাধারণ মানুষকে অপমান করা গ্রহণযোগ্য নয়।
আব্দুল আউয়াল মিন্টুকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বিদেশে অর্থ পাচারকারী এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের নতুন বাংলাদেশে দেখতে চান না তিনি। ইসির সামনে প্রার্থীকে হেনস্তার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতে অন্য প্রার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে নির্বাচন কমিশন।