রাজধানী
যাত্রাবাড়ীতে দ্রুতগতির ট্রাকের চাপায় প্রাণ গেল এক পথশিশুর
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মো. জাহিদ (১১) নামে এক পথশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও নিহতের বন্ধুরা জানান, গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদের বন্ধু রাব্বি জানায়, তারা দুজনই পথশিশু এবং রাস্তায় বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। ঘটনার রাতে তারা ধনিয়া কলেজের সামনে বোতল কুড়ানোর পর রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির ট্রাক জাহিদকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
রাব্বি ও আশপাশের কয়েকজন মানুষ তাৎক্ষণিকভাবে জাহিদকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তার আর কোনো প্রাণচিহ্ন নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত পথশিশুর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।