রাজধানী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার শেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে বারবার সংঘর্ষের ঘটনা ঘটলেও সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, যা দুঃখজনক। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।