রাজধানী

জামায়াত প্রার্থী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ তিনজন আটক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

জামায়াত প্রার্থী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ তিনজন আটক
ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে চকবাজার থানায় নিয়ে যায়। বর্তমানে তিনজনই চকবাজার থানা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা জামায়াতের আমির আনিসুর রহমান বলেন, ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।