রাজধানী
দশম গ্রেড বিতর্কে পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত দশম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এই দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করার পাশাপাশি আজ বৃহস্পতিবার নির্ধারিত ফাইনাল পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। কর্মসূচিটি দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হোস্টেল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষোভকারীরা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ অবিলম্বে প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সুপারিশ ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেডসংক্রান্ত ন্যায্য দাবি উপেক্ষা করেছে এবং পেশাগত বৈষম্য সৃষ্টি করছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ সম্পূর্ণ বৈষম্যমূলক। তারা দ্রুত কমিটির সুপারিশ বাতিল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।
‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে পর্যায়ক্রমে কর্মসূচি চলবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে তারা পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান দ্বন্দ্ব ও আন্দোলন নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে। ওই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করলে তা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও প্রতিবাদের সৃষ্টি হয়।