রাজধানী

ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার
মোহাম্মদ এজাজ। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সরকার। তার জায়গায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটিতে যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির মেয়রের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদে বহাল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন; এ ছাড়া কোনো ধরনের অতিরিক্ত আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।

উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন।