রাজধানী
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত
রাজধানীর হাজারীবাগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নবম শ্রেণির স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি নিহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভিতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ নিলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত সোয়া ৯টার দিকে নিহত বিন্তি অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হায়দার হোটেলের গলি ধরে হাঁটছিল। কিছুক্ষণ পর পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিন্তির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ভিড় করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত ঢামেক হাসপাতালে মৃত্যুর ঘোষণা করা হয়।
নিহত ছাত্রী রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা বিল্লাল হোসেন। বিন্তির পরিবার অভিযোগ করেছেন, অভিযুক্ত কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল।
পুলিশ জানায়, অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।