রাজধানী
ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের সাত নেত্রীসহ ৮ জন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল বের করার সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মিছিলকারীদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়ক এলাকার স্টার কাবাব রেস্তোরাঁর সামনে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ঝটিকা মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার বহন করে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হচ্ছিলেন।
খবর পেয়ে টহলরত পুলিশের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং গাড়িটির চালককেও গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানা-এ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।