রাজধানী
রাজধানীতে কঙ্কাল চোরচক্রের সন্ধান: ৪৭টি মানুষের মাথার খুলি উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে মানবদেহের কঙ্কাল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়গোড় ও কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মানবদেহের হাড় ও খুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরি করে সেগুলো অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। ধারণা করা হচ্ছে, এই চক্রটি দেশের বিভিন্ন কবরস্থান, হাসপাতাল অথবা নির্জন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে।
উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গুলোর প্রকৃত উৎস কী, এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর পেছনে আরও বড় কোনো চক্র জড়িত আছে কি না-এসব বিষয় খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংগঠন জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে কঙ্কাল চুরির পুরো প্রক্রিয়া, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং এই অবৈধ বাণিজ্যের পেছনের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।