রাজধানী
রাজধানীর শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর শাহজাহানপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সেকান্দার (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহজাহানপুর এলাকার ভাঙাড়ি গলিতে দুর্বৃত্তরা সেকান্দারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেকান্দার গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সেকান্দারের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শাহজাহানপুর থানা পুলিশ।