রাজধানী
রাজধানীতে তেল নিতে এখনো দীর্ঘ লাইন, পুরোপুরি কাটেনি ভোগান্তি
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের। তেলসংকট নিয়ে আগের মতো আতঙ্ক না থাকলেও সরবরাহ সীমিত থাকায় রাজধানীবাসীর ভোগান্তি পুরোপুরি কাটেনি।
মিরপুরের কালশী এলাকায় অবস্থিত সুমাত্রা ফিলিং স্টেশনে গতকালও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই তেল নিতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেছেন।
মিরপুরের শ্যাওড়াপাড়ার বাসিন্দা আবু সুফিয়ান বলেন, সামনে ঈদের ছুটি। কয়েক দিনের মধ্যে অফিসও বন্ধ হয়ে যাবে। তাই কষ্ট করে হলেও গাড়িতে তেল ভরে রাখছি।
তবে রাজধানীর সব পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। পরীবাগের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনে টানা তিন দিন ধরে ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলতে দেখা গেছে। স্টেশনটির ক্যাশিয়ার মো. জাফর জানান, ডিপো থেকে মাসে যে পরিমাণ তেল পাওয়া যায়, তার ভিত্তিতেই সরবরাহ দেওয়া হচ্ছে। আগে চাহিদা কম থাকায় দুই-তিন দিন ধরে বিক্রি করা যেত, কিন্তু এখন বেশি চাহিদার কারণে এক দিনেই তেল শেষ হয়ে যাচ্ছে।
অন্যদিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ের রমনা ফিলিং স্টেশনেও ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে দেখা গেছে। পাঠাও মোটরসাইকেল চালক সবুজ মিয়া বলেন, কয়েকদিন আগের তুলনায় এখন গাড়ির লাইন কিছুটা ছোট হয়েছে এবং মানুষের মধ্যে তেলসংকট নিয়ে ভয়ও কিছুটা কমেছে।