রাজধানী
আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা
মাসব্যাপী আয়োজনের পর আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। সমাপনী দিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর সার্বিক প্রতিবেদন উপস্থাপন করবেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
প্রতিবারের মতো এবারও মেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।