রাজধানী

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্তের নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্তের নির্দেশ
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং প্রাণহানির এই ক্ষতি অপূরণীয়।

ঘটনার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে ফোনে কথা বলে আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, অগ্নিকাণ্ডের কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাস লাইটার কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে এখন পর্যন্ত ৫ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন হতাহত হন বলে জানা গেছে।