রাজধানী
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, হত্যাকারীদের মৃত্যুদণ্ড চাইলেন দুই ভাই
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন।
ট্রাইব্যুনালে প্রবেশের সময় আবু হোসেন বলেন, এই হত্যার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত সকলের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দ্রুত রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ, যাকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়। ঘটনার প্রায় দুই বছর পর এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, যথাযথ তদন্তের ভিত্তিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।