রাজধানী
রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন দিয়া’র মা মৌসুমী (৩৫), ভাই মুয়াজ (১৫) এবং বোন জয়া (১২)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতদের সঙ্গে থাকা বিল্লাল হোসেন জানান, ঠিকাদার আবু মুসা নবীউল্লাহ নামে এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য ভোরে তার বাসায় যান। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হলে দিয়া আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে অভিযুক্ত আবু মুসাও আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।