রাজধানী

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
ছবি: সংগৃহীত

রাজধানীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির একটি চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান, যার ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুর্ঘটনায় বাসের সামনের দিকে থাকা শিক্ষার্থীরা বেশি আহত হয়েছেন। পাশাপাশি একটি মাইক্রোবাসের সঙ্গেও সংঘর্ষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং সংগঠনের নেতারা চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।

এ বিষয়ে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছেন বলে জানান এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন।

দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে সংশ্লিষ্টরা আরও তদন্ত চালাচ্ছেন।