রাজধানী

৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু  


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু  
ছবিঃ সংগৃহীত

রূপগঞ্জের ৩০০ ফিট জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় রিফাত ও সাব্বির নামে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দুজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আমির হোসেন এর ছেলে। নিহত সাব্বির একই এলাকার নুর ইসলামের ছেলে।
 
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মনির হোসেন জানান, আজ দুপুরে তারা ৩০০ ফিট এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাদের মোটরসাইকেলটি একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। 

তিনি আরও জানান, আমরা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি তারা দুজনেই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহত সাব্বির খিলগাঁও মডেল কলেজ ও রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।