রাজধানী
ঢাকার নতুন ডিসি ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার
ঢাকা জেলার নব-যোগদানকৃত ডিসি মোছাঃ ফরিদা খানমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
গত বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান ফরিদা খানম।
ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি প্রথম নারী জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। ঠিক এবারও ঢাকার জেলা প্রশাসক পদে প্রথম নারী হিসেবে যোগ দিয়েছেন তিনি। ফরিদা খানম তার দায়িত্বকে কেবল পেশাগত চ্যালেঞ্জ নয়, বরং মানবতার জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (১৯৯২) ও এইচএসসি (১৯৯৪) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।