রাজধানী

আধিপত্য বিস্তার নিয়েই ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটনকে হত্যা: ডিবি প্রধান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

আধিপত্য বিস্তার নিয়েই ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটনকে হত্যা: ডিবি প্রধান
ছবিঃ সংগৃহিত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আজ বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি মি‌ডিয়া সেন্টা‌রে অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য দেন তিনি।

ডিবি প্রধান বলেন, ‌‘নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের হত্যায় কারা জড়িত দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হ‌বে। এছাড়া, বি‌দে‌শে পা‌লি‌য়ে থাকা সন্ত্রাসী‌দের ফি‌রি‌য়ে আন‌তে প্রয়োজ‌নে ইন্টার‌পোলের সহায়তা নেয়া হবে।’
 
এদিকে হত্যাকাণ্ডের পর অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম সময় সংবাদকে জানিয়েছিলেন, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তিনি ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। 

পরে স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে টিটনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।