রাজধানী

দূষিত শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকার নাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২৬ এএম

দূষিত শহরের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকার নাম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সাম্প্রতিক বৃষ্টিতে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

মঙ্গলবার (১৯ মে) সকালেই বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকালে ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) ছিল ১৭৮। এ মান জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ৩০০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। এছাড়া ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। ভারতের দিল্লি ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং নেপালের কাঠমান্ডু ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি মানের বাতাস নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংস্থাটি আরও জানায়, একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ সময় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সাধারণ মানুষকেও বাইরে চলাফেরা কমাতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।