রাজধানী
বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নেই: রামিসার বাবা
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে বিচার নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেন, তিনি আর বিচার চান না, কারণ তাদের কাছে ন্যায়বিচার পাওয়ার কোনো আস্থা নেই।
গণমাধ্যমের সামনে তিনি বলেন, “আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।” তিনি আরও বলেন, তার সন্তান আর কখনো ফিরে আসবে না, আর এমন ঘটনা বারবার ঘটলেও তা শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যায়।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে বিপরীত ফ্ল্যাটে ভাড়া ওঠেন।
তিনি বলেন, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। ওই সময় দরজায় নক করা হলেও ভেতরে হত্যাকাণ্ড চলছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দাবি অনুযায়ী, মূল অভিযুক্ত যাতে পালাতে পারেন, সে জন্য তার স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রেখে সহযোগিতা করেন। পরে জাকির গ্রেপ্তার এড়াতে জানালার গ্রিল কেটে পালিয়ে যান।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ধারণা করা হচ্ছে প্রতিবেশীর বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়েছিল। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।