রাজধানী

রাজধানীতে ওসি ও এসআইকে কোপাল ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা, অতঃপর...


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

রাজধানীতে ওসি ও এসআইকে কোপাল ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যরা, অতঃপর...
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে ছিনতাইকারী চক্রের বেপরোয়া তৎপরতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের একটি আস্তানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আদাবর এলাকার একটি দোকানে হঠাৎ করে ধারালো চাপাতি নিয়ে হামলা চালায় একদল ছিনতাইকারী। তারা দোকানি ও উপস্থিত সাধারণ মানুষকে জিম্মি করে মূল্যবান মালামাল লুটে নেয়।

ঘটনার খবর পেয়ে অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করে আদাবর থানা পুলিশ। অবস্থান নিশ্চিত হওয়ার পর দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে নামে।

অভিযান পরিচালনার সময় ডেল্টা গার্মেন্টসের পেছনে অবস্থিত গোপন আস্তানাটি ঘিরে ফেলে পুলিশ। ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা ছিনতাইকারীরা আত্মসমর্পণ না করে উল্টো ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

ওসি মো. জাহিদুল ইসলাম জানান, আস্তানায় ঢোকার সঙ্গে সঙ্গেই এলোপাতাড়ি চাপাতির আঘাতে গুরুতর জখম হন তিনি ও উপ-পরিদর্শক তরুণ। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়। এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় এবং আস্তানাটি ভেঙে দেওয়া হয়।

আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ ছিনতাইকারীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো বড় অপরাধচক্র বা গডফাদার জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।