রাজধানী
রাজধানীর ধানমন্ডিতে ছাদ থেকে ফেলে গৃহকর্মীকে হত্যা
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল।
ঘটনার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিহত রিক্তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।