রাজধানী
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ নারীর লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ ও ডেমরার পৃথক স্থান থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৮ জুন) লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর মধ্যে সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিনের (৩০) লাশ উদ্ধার করা হয়। তার স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।
নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামে মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা বলেন, ছেলে-মেয়ের পড়াশোনা, আর্থিক সংকটসহ নানান বিষয়ে দুশ্চিন্তা থেকে নিলুফার আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে রাজধানীর ডেমরার একটি বাসা থেকে নাসরিন আক্তার (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরার বাঁশেরপুল নতুন পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত নাসরিন আক্তার কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর পশ্চিম পাড়া গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি ডেমরার বাঁশেরপুল এলাকায় বসবাস করতেন।