রাজধানী
‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফ্যানস টিম
বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে রাজধানীর গুলশানে ট্রাফিক পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’। শুক্রবার (৩ জুলাই ২০২৬) ট্রাফিক গুলশান ডিভিশনের আয়োজনে গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ট্রাফিক গুলশান ডিভিশনের কর্মকর্তা ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ফ্যানস দল ৩–১ গোলের ব্যবধানে ব্রাজিল ফ্যানস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ব্রাজিল ফ্যানস দল।

খেলায় উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান। এছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মো. রোকনুজ্জামান সরকার বিশেষ আমন্ত্রিত খেলোয়াড় হিসেবে ব্রাজিল ফ্যানস দলের হয়ে মাঠে অংশ নেন, যা খেলায় বাড়তি উৎসাহ ও ভিন্ন মাত্রা যোগ করে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিকের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস হঠাৎ মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের উপস্থিতি আয়োজনে বিশেষ তাৎপর্য এনে দেয় এবং অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।