রাজধানী

গুলশান লেকের পানি প্রবাহিত হচ্ছে সংযোগ সড়কের ওপর দিয়ে, ভেঙে যাচ্ছে সড়ক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম

গুলশান লেকের পানি প্রবাহিত হচ্ছে সংযোগ সড়কের ওপর দিয়ে, ভেঙে যাচ্ছে সড়ক
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে গুলশান লেকের পানি উপচে পড়ে গুলশান-শাহজাদপুর সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সড়কটির একটি অংশ ইতোমধ্যে ধসে গেছে এবং পানি প্রবাহ অব্যাহত থাকায় আরও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। সংস্থাটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, পানি প্রবাহের তুলনায় সড়কের কালভার্টটি অপর্যাপ্ত হওয়ায় পানির চাপ সড়কের ওপর দিয়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, গুলশান লেকের পানি প্রবল বেগে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে দক্ষিণ পাশের একাংশ ভেঙে পড়ছে। ঝুঁকিপূর্ণ অংশটি ইতোমধ্যে সিটি করপোরেশনের কর্মীরা বন্ধ করে দিয়েছেন। অন্য অংশ দিয়ে সতর্কতার সঙ্গে পথচারীরা চলাচল করছেন। মাইকিং করে সবাইকে সাবধানে পারাপারের অনুরোধ জানানো হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, টানা বর্ষণের কারণে লেকের পানি বৃদ্ধি পেয়ে রোববার সকাল ১১টার দিকে সড়কের ওপর উঠে আসে। এরপর থেকেই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পথচারী মারুফ হোসেন জানান, দুপুরে ভিজে রাস্তা পার হয়েছেন, এখনও একইভাবে পার হতে হচ্ছে। ঝিলপাড় এলাকার বাসিন্দা মাইজউদ্দিন বলেন, গুলশান, বারিধারা ও আশপাশের এলাকার পানি লেকে এসে জমা হওয়ায় সড়কটি দ্রুত ডুবে যায়।

প্রধান প্রকৌশলী আরও জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ওই স্থানে একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।