রাজধানী

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গি গ্রামের বাসিন্দা রিয়া জিভে ঘা ও শারীরিক অসুস্থতার কারণে গত পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

নিহতের বাবা লতিফ মল্লিক জানান, ভোররাতে পাশের রোগীর স্বজনেরা তাকে জানায় যে রিয়া ভবন থেকে লাফ দিতে যাচ্ছেন। দ্রুত সেখানে গিয়ে তিনি দেখেন, রিয়া ৮ তলা থেকে নিচে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এসএসসি পাসের পর সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। দীর্ঘদিন সন্তান না হওয়ায় ধীরে ধীরে তিনি মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। গত কয়েকদিন ধরে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। প্রায়ই তিনি বলতেন, “এটা কোন দেশ? আমি কোন দেশে আছি?”

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।