রাজধানী
কামরাঙ্গীরচরে নদীতে গোসলে নেমে স্রোতের টানে নিখোঁজ ১০ বছরের শিশু
রাজধানীর কামরাঙ্গীরচরে নদীতে গোসল করতে নেমে জুবায়ের আহমেদ সোহান (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। দিনভর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করেও তার কোনো সন্ধান পায়নি।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের নূরবাগ মাদ্রাসা ঘাট-সংলগ্ন বেড়িবাঁধ এলাকার নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটি জুবায়ের আহমেদ সোহান (১০)। সে সোহাগ সরদারের ছেলে। তাদের বাড়ি কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বিকালে নদীতে গোসল করার সময় হঠাৎ তীব্র স্রোতের টানে জুবায়ের ভেসে যায়। সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস আরও জানায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তবে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে শনিবার (০১ আগস্ট) আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।