রাজধানী
ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগে কারখানা মালিকসহ আটক ২২
রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উত্তেজনার মুখে পড়েন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় নেপচুন অ্যাকসেসরিজ পোশাক কারখানার মালিক কর্নেল (অব.) জাকিরসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (০২ আগস্ট) কালে ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে পাশের নেপচুন অ্যাকসেসরিজ কারখানার কিছু শ্রমিকের সংঘর্ষে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে প্রশাসক, সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে কারখানার মালিকের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ডিএনসিসির দাবি, সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলায় ১৫ থেকে ২০ জন আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে জবাবদিহি চাইলে মালিকপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) শেখ রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় নেপচুন অ্যাকসেসরিজের মালিকসহ ২২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।