রাজধানী

যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালানো সেই নারী আসামি গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:০২ এএম

যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালানো সেই নারী আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার আলোচিত হাজী সোহেল হত্যা মামলার আসামি। এ মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে যাত্রাবাড়ী থানার হেফাজতে রাখা হয়।

গত বৃহস্পতিবার ছিল তার রিমান্ডের শেষ দিন। ওই দিন দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল। সকালে আদালতে নেওয়ার প্রস্তুতির সময় তিনি কৌশলে থানা থেকে পালিয়ে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নারী আসামিদের নিয়ম অনুযায়ী হাতে হাতকড়া পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে মিতু আক্তার দৌড়ে পালিয়ে যান। অন্য একটি সূত্রের ভাষ্য, তিনি হাজতখানার গ্রিল কেটে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যান।

ঘটনার পর তাকে গ্রেপ্তারে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অবশেষে শুক্রবার রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে থানা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শক ও এক সহকারী উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।