রাজধানী

বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ, অস্ত্র-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫) ও তার সহযোগী তাপসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় ডেমরা থানা পুলিশ। প্রথমে ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি ও মাদক কারবারি তাপসকে গ্রেপ্তার করা হয়।

পরে তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা-সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাব পৌরসভার বরাবো এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পরে দুই আসামির দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া তাপসের ভাড়া বাসার একটি কক্ষের সানশেড থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। চারটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে বাড়ির দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে যায়।

এ ঘটনায় এস এম রেজা চৌধুরী সেলিম বাদী হয়ে ডেমরা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা তাইফুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে ডেমরা ও রূপগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গুলিবর্ষণের ঘটনায় উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।