রাজধানী
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজট
নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছালে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করতে হবে।
আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
এদিকে সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। ফলে দীর্ঘ যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। পরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।