রাজধানী

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন সাজ্জাতুজ জুম্মা। ঋণ খেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ আগস্ট গুলশান থানা পুলিশ একই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল।

সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে ঋণ খেলাপির কারণে পরবর্তী সময়ে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়।