রাজধানী

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক, ভিডিও ঘিরে বিতর্ক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক, ভিডিও ঘিরে বিতর্ক
ছবি: সংগৃহীত

সিনেমার দৃশ্যের মতো অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। নিজেই মাদকের আস্তানায় অভিযান চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

মঙ্গলবার ঢাকা ৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন সংলগ্ন একটি বস্তিতে আকস্মিক অভিযান চালান ইশরাক। এ সময় মাদক কারবারে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর যাচাইকৃত ফেসবুক পেজে ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

শনিবার বিকেল ও সন্ধ্যায় ইশরাকের ফেসবুক পেজ থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়। প্রথম ভিডিওটি বিকেল সোয়া ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায় পোস্ট করা হয়। প্রথম ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘ইশরাকের অ্যাকশন, মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ।’

১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে প্রতিমন্ত্রীকে গাড়ি থেকে পিস্তল হাতে নামতে দেখা যায়। মাইকে তাকে বলতে শোনা যায়, ‘এই দাঁড়াও। এখন বসো। পুলিশ আসবে তারপর কথা হবে। তোরা শহরটাকে ধ্বংস করতে চাস। এলাকাটাকে ধ্বংস করতে চাস।’

এ সময় তাকে হাতে থাকা পিস্তল উঁচিয়ে ধরতেও দেখা যায়। ভিডিওতে তার সহযোগীদের দৌড়ে গিয়ে অভিযুক্তদের আটক করার চেষ্টা করতে দেখা যায়। কয়েকজন পালিয়ে গেলেও বেশ কয়েকজনকে আটক করা হয়।

অন্যদিকে, দ্বিতীয় ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘লাইভ অ্যাকশন, মাদক আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক, বিক্রেতারা ধরা।’ ভিডিওটিতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়।

ভিডিও দুটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিমন্ত্রীর এ অভিযান নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়।

এ বিষয়ে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘একদিকে সরকারপ্রধান পজিটিভ ভাবমূর্তি তৈরির চেষ্টা করছেন, আরেকদিকে এমন গর্দভের মতো কাজ করে তার সেই চেষ্টা ব্যর্থ করা তো হচ্ছেই, সাথে জনগণের সামনে একটা ঠাট্টা তামাশার বস্তুতে পরিণত করা হচ্ছে সরকার দলকে।’