রাজধানী

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি
ছবি: সংগৃহীত

ঢাকার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে।

রোববার ১৮ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি জোনে ২০টি বিশেষ তদারকি কমিটি কাজ করবে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি এবং ঢাকা দক্ষিণে ১০টি কমিটি থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনাল কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জোনাল কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মহানগর পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা থাকবেন। প্রতিটি কমিটির সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ঢাকা মহানগরে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের তদারকি কমিটি গঠন করা হবে।

উচ্চপর্যায়ের এ কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

বিশেষ তদারকি কমিটিগুলো সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ ও খননকাজ জোরদার করার পাশাপাশি মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করবে।

পর্যালোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।