রাজধানী

বিমানবন্দরে দুই যাত্রীর পায়ুপথে মিলল ৪ কোটি টাকার ৬টি ‘সোনার ডিম’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

বিমানবন্দরে দুই যাত্রীর পায়ুপথে মিলল ৪ কোটি টাকার ৬টি ‘সোনার ডিম’
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়েছে। এসব বস্তুর প্রাথমিক ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালদ্বীপ থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাদের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। দুই যাত্রীর প্রত্যেকের পায়ুপথে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টের বস্তু পাওয়া যায়।

এনবিআরের কর্মকর্তা আল আমিন শেখ বলেন, উদ্ধার হওয়া ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি আরও জানান, উদ্ধার হওয়া সোনার পেস্টে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।